উত্তম শর্মা, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ১নং শিবরামপুর ইউনিয়নকে বাল্যবিবাহমুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষণা উপলক্ষে আলোচনা সভা ও ঘোষণাপত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ১২টায় শিবরামপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এবং বীরগঞ্জ এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১নং শিবরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সত্যজিৎ রায়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার রবার্ট কমল সরকার এবং প্রোগ্রাম অফিসার সাধন দাস। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিশু ফোরামের সদস্য, গণ্যমান্য ব্যক্তি ও সচেতন নাগরিকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, নারী ও শিশুদের অধিকার, শিক্ষার গুরুত্ব এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি, যা শিশুদের স্বাভাবিক বিকাশ, শিক্ষা ও ভবিষ্যৎ জীবনের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।
বক্তারা আরও বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন, জনপ্রতিনিধি, অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান এবং স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখতে হবে। সামাজিক সচেতনতা বৃদ্ধি ও আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে বাল্যবিবাহ নির্মূল করা সম্ভব।
অনুষ্ঠানে শিবরামপুর ইউনিয়নকে আনুষ্ঠানিকভাবে বাল্যবিবাহমুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষণা করা হয়।
বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে এবং শিশুদের জন্য নিরাপদ, শিক্ষাবান্ধব ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.