নাদিম হায়দার, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের কাকালদি মৌজার একটি জলাশয় সংক্রান্ত জমি নিয়ে বিরোধের ঘটনায় সংবাদ সম্মেলন করে প্রতিপক্ষের বিরুদ্ধে মানহানি, ভাঙচুর এবং প্রতারণার অভিযোগ তুলেছেন স্পেনপ্রবাসী শাহ আলম শেখ।
বৃহস্পতিবার আয়োজিত সংবাদ সম্মেলনে শাহ আলমের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার বাংলাদেশ সাইটের ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন।
লিখিত বক্তব্যে তিনি জানান, প্রায় দুই বছর আগে কাকালদি মৌজার জেএল নং-১১৭ এর আরএস দাগ নং-১৭৭, ১৭৮ ও ১৭৯-এর আওতাধীন একটি পুকুরের অংশ থেকে ১৪ শতাংশ ৩ অযুতাংশ জমি বৈধভাবে ক্রয় করে রেজিস্ট্রি সম্পন্ন করা হয়। পরবর্তীতে গত বছরের ২৪ এপ্রিল জমিটির নামজারিও সম্পন্ন হয়। এছাড়া একই পুকুর সংশ্লিষ্ট আরও ৯টি দাগের মোট ৯৭ শতাংশ ৮২ অযুতাংশ জমির জন্য বায়না দলিল সম্পাদন করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে বলা হয়, ওই জমির বায়না করা হয়েছে মধ্যপাড়া ইউনিয়নের মধ্য মালবদিয়া গ্রামের শেখ মোহাম্মদ রউফ, সোহাগ শেখ ও নয়ন শেখের কাছ থেকে। তাদের দাবি অনুযায়ী, বিক্রেতারা পূর্বে ইয়াসিন খানের কাছ থেকে বায়নার মাধ্যমে সম্পত্তির মালিকানা লাভ করেছিলেন।
লিখিত বক্তব্যে আরও অভিযোগ করা হয়, সম্প্রতি জমির সীমানা চিহ্নিত করতে পুকুরপাড়ে একটি সাইনবোর্ড স্থাপন করা হলে তা ভাঙচুর করা হয়। অভিযোগে বলা হয়, গত বুধবার দুপুরে ইয়াসিন খান ও তার সহযোগীরা মানববন্ধনের নামে সাইনবোর্ড অপসারণ করেন এবং ব্যানারে শাহ আলমকে ‘ভূমিদস্যু’ ও ‘চাঁদাবাজ’ হিসেবে উপস্থাপন করেন, যা তার সামাজিক ও ব্যক্তিগত সম্মানহানির কারণ হয়েছে।
শাহ আলমের পক্ষ থেকে দাবি করা হয়, তিনি দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে স্পেনে অবস্থান করছেন এবং সেখানে ব্যবসা পরিচালনা করছেন। প্রয়োজন অনুযায়ী বছরে কয়েকবার দেশে আসেন। তিনি বলেন, “বৈধ কাগজপত্র ও নগদ অর্থের বিনিময়ে জমি ক্রয় করা হয়েছে। মালিকানা নিয়ে কারও আপত্তি থাকলে তা আইনগত বা আলোচনার মাধ্যমে নিষ্পত্তি হওয়া উচিত।”
তিনি বিষয়টি সিরাজদিখান থানাকে অবহিত করেছেন এবং প্রয়োজন হলে আদালতের শরণাপন্ন হবেন বলেও জানান।
সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়, ঘটনার প্রতিবাদে স্থানীয় কিছু বাসিন্দা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রহিম শেখ, সিরাজদিখান উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইকবাল মাহমুদ এবং মধ্যপাড়া ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.