শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদী পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১৯ কোটি ৩৯ লাখ ৫৭ হাজার ১৩৩ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে পৌরসভার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এ বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা আহমেদ।
বাজেট ঘোষণাকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুর রহিম দুলাল, সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপির সদস্য সচিব সোহানুর রহমান সোহান, পৌরসভার সচিব (অতিরিক্ত দায়িত্ব) আবু লায়েছ মো. বজলুল করিম, প্রেসক্লাব শ্রীবরদীর সভাপতি এজেএম আহছানুজ্জামান ফিরোজ, ভারপ্রাপ্ত হিসাবরক্ষক তারেক হাসান, বাজার পরিদর্শক ফিরোজ আহমেদসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাবেক ওয়ার্ড কাউন্সিলর, ব্যবসায়ী এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
বাজেট উপস্থাপনকালে পৌর প্রশাসক মনীষা আহমেদ বলেন, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, সড়কবাতি ও বিভিন্ন স্থাপনার বিদ্যুৎ বিল, বর্জ্য ব্যবস্থাপনায় ব্যবহৃত যানবাহনের জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ব্যয়, রাস্তা ও ড্রেন মেরামত, শিক্ষা ও চিকিৎসা খাতে অনুদান এবং জাতীয় ও ধর্মীয় দিবস উদযাপনের ব্যয় পৌরসভার নিজস্ব তহবিল থেকে পরিচালিত হয়ে থাকে।
তিনি জানান, পৌর হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স, যানবাহন কর, মার্কেট ভাড়া, বাজার ইজারা, ভূমি হস্তান্তর কর এবং গৃহনির্মাণ অনুমোদন ফি পৌরসভার রাজস্ব আয়ের প্রধান উৎস।
মনীষা আহমেদ বলেন, “চলতি অর্থবছরে হোল্ডিং ট্যাক্সসহ বিভিন্ন খাতে নির্ধারিত লক্ষ্যমাত্রার প্রায় ৬৮ শতাংশ রাজস্ব আদায় করা সম্ভব হয়েছে। আশা করছি জুন মাস শেষে পৌর হোল্ডিং ট্যাক্সের ৮৫ শতাংশ এবং অন্যান্য করবহির্ভূত খাতে শতভাগ রাজস্ব আদায় করা যাবে।”
তিনি আরও বলেন, আগামী অর্থবছরে কোনো ধরনের কর বৃদ্ধি না করেই রাজস্ব আদায় কার্যক্রম আরও জোরদার করা হবে। এর মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা যথাসময়ে পরিশোধ, পৌরসভার সেবামূলক কার্যক্রম সচল রাখা এবং উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা পৌরসভার উন্নয়ন ও নাগরিক সেবার মান আরও বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.