কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের কচুয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুন) রাতে রংপুর থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিহত গৃহবধূ মরিয়ম আক্তারের (৩২) বাবা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সাজ্জাদ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল রংপুর থেকে আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে। তাকে কচুয়া থানায় আনা হচ্ছে। রোববার আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে। এ ঘটনায় অপর অভিযুক্ত শাহীন আক্তারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এর আগে বৃহস্পতিবার (২৫ জুন) রাতে উপজেলার পাথৈর ইউনিয়নের হাটমুড়া গ্রামের প্রধানীয়া বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় ১৮ বছর আগে আলমগীর হোসেনের সঙ্গে মরিয়ম আক্তারের বিয়ে হয়। তাদের সংসারে দুই সন্তান রয়েছে।
নিহতের পরিবারের অভিযোগ, গত দুই বছর ধরে আলমগীর তার চাচাতো ভাইয়ের স্ত্রী শাহীন আক্তারের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ নিয়ে দাম্পত্য কলহ চলছিল। এরই জেরে বৃহস্পতিবার রাতে কথা কাটাকাটির একপর্যায়ে আলমগীর তার স্ত্রীকে বেধড়ক মারধর করেন। গুরুতর আহত অবস্থায় মরিয়ম অচেতন হয়ে পড়লে তাকে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার পর আলমগীর হোসেন আত্মগোপনে চলে যান। এদিকে স্থানীয় বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত শাহীন আক্তারকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.