নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন-২০২৬ শনিবার (২৭ জুন) গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠিত হয়েছে। অধিবেশনে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সিনেট চেয়ারম্যান প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।
সভায় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, দক্ষতা উন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। তিনি জানান, যুগোপযোগী ও কর্মমুখী শিক্ষা নিশ্চিত করতে দেশি-বিদেশি ১৫০টিরও বেশি বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক মানের অ্যাপ্রেন্টিসশিপ কর্মসূচির মাধ্যমে ৫০ হাজার শিক্ষানবিশ তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এছাড়া মাল্টি ল্যাংগুয়েজ লার্নিং ইনস্টিটিউটের মাধ্যমে মান্দারিন, জাপানিজ, কোরিয়ান, আরবি, ইতালিয়ান, স্প্যানিশ ও ফরাসি ভাষা শেখানোর উদ্যোগ, দক্ষতাভিত্তিক পাঠ্যক্রম প্রণয়ন, গ্রিন ক্যাম্পাস গঠন, আগামী পাঁচ বছরে ২ কোটি গাছ রোপণের পরিকল্পনা, স্নাতক পর্যায়ে ইংরেজি ও আইসিটি কোর্স বাধ্যতামূলক করা, সিলেবাস সংস্কার এবং শিক্ষক প্রশিক্ষণের আধুনিকায়নের বিষয়গুলোও তুলে ধরা হয়।
অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম ২০২৬-২০২৭ অর্থবছরের ৮০১ কোটি ৪ লাখ ৬০ হাজার টাকার মূল বাজেট এবং ২০২৫-২০২৬ অর্থবছরের ৬৬৪ কোটি ৮ লাখ ৪১ হাজার টাকার সংশোধিত বাজেট উপস্থাপন করেন। সিনেট সদস্যরা সর্বসম্মতিক্রমে উভয় বাজেট অনুমোদন করেন।
সিনেট চেয়ারম্যান প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, চতুর্থ শিল্পবিপ্লব ও জ্ঞানভিত্তিক অর্থনীতির যুগে বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য শুধু ডিগ্রি প্রদান নয়; বরং এমন মানবসম্পদ তৈরি করা, যারা জ্ঞান সৃষ্টি, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবর্তনের নেতৃত্ব দিতে সক্ষম হবে।
অধিবেশনে সিনেট সদস্যরা চেয়ারম্যানের অভিভাষণের ওপর আলোচনা করে বিভিন্ন গঠনমূলক পরামর্শ দেন এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন।
এর আগে জাতীয় সংগীতের মাধ্যমে অধিবেশনের সূচনা হয়। পরে দেশের বিশিষ্ট নাগরিক, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় সিনেট সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, ডিন, রেজিস্ট্রার, শিক্ষক ও আমন্ত্রিত অতিথিসহ প্রায় ৭০ জন সিনেট সদস্য উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.