মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে চোখের ছানি ও অন্ধত্ব বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং হতদরিদ্র মানুষের দোরগোড়ায় চক্ষু সেবা পৌঁছে দিতে দুই দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প শুরু হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলার রাস্তি ইউনিয়নের হাজরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়।
চরমুগরিয়া বন্দর পাট ব্যবসায়ী সমিতির উদ্যোগে এবং শহরের প্লানেট হাসপাতালের স্বত্বাধিকারী আলহাজ লোকমান হোসেন মোল্লার সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পে চোখের পাশাপাশি গাইনি ও মেডিসিন বিভাগের রোগীদেরও বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
সকাল থেকেই বিভিন্ন বয়সী রোগীরা চিকিৎসা নিতে ক্যাম্পে ভিড় করেন। বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের চোখ পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ, বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণ করেন। দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভোগা অনেক রোগী এ সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন।
আয়োজকরা জানান, দুই দিনে প্রায় দেড় হাজার অসচ্ছল রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রথম দিনেই প্রায় ৭০০ থেকে ৮০০ রোগী সেবা নিয়েছেন। তাদের মধ্য থেকে যাদের অস্ত্রোপচারের প্রয়োজন, তাদের বাছাই করা হয়েছে।
রাজধানীর আনোয়ার খান মেডিকেল কলেজের অধ্যাপক ডা. আব্দুল মান্নান বলেন, “এটি শুধু একটি স্বাস্থ্যসেবা কর্মসূচি নয়, বরং অন্ধকার জীবনকে আলোর পথে ফিরিয়ে আনার একটি মানবিক উদ্যোগ। গুরুতর রোগীদের ঢাকায় নিয়ে বিনামূল্যে ফ্যাকো সার্জারিসহ প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হবে।”
প্লানেট হাসপাতালের স্বত্বাধিকারী ও ক্যাম্পের আয়োজক আলহাজ লোকমান হোসেন মোল্লা বলেন, “মানুষের সেবা করার লক্ষ্য নিয়েই আমরা বিভিন্ন এলাকায় এ ধরনের কার্যক্রম পরিচালনা করছি। এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়। অসহায় মানুষ যেন আবার চোখের আলো ফিরে পায়, সে লক্ষ্যেই আমাদের এ উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.