মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুর উপজেলার কামিপুর গ্রামে প্রতিষ্ঠিত রাইসা-আখদান মেডিকেল সেন্টারে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়ে স্বস্তি প্রকাশ করছেন এলাকার অসচ্ছল রোগীরা।
শনিবার সরেজমিনে দেখা যায়, ঘাড়ের তীব্র ব্যথা নিয়ে চিকিৎসা নিতে আসেন ষাটোর্ধ্ব ফাতেমা বেগম। চিকিৎসক তার রক্তচাপ পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ ও ওষুধ দেন। চিকিৎসকের আশ্বস্ত করার পর স্বস্তি ফিরে পান তিনি। একইভাবে চার বছর বয়সী জান্নাতুল মাওয়া চিকিৎসাসেবা নিয়ে খুশি হয়।
জানা যায়, চলতি বছরের মার্চ মাস থেকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্য নিয়ে রাইসা-আখদান মেডিকেল সেন্টারের কার্যক্রম শুরু হয়। যুক্তরাষ্ট্রপ্রবাসী প্রকৌশলী আব্দুর রাজ্জাকের উদ্যোগে প্রতিষ্ঠিত এ কেন্দ্রটি এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে।
মেডিকেল সেন্টারের দায়িত্বপ্রাপ্ত ডিপ্লোমা চিকিৎসক নাজিমুল হাসান জানান, প্রতিদিন গড়ে ১৫ থেকে ২০ জন রোগী এখানে চিকিৎসাসেবা নিতে আসেন। শুরুতে এমবিবিএস চিকিৎসক ডা. নাফিজ রোগী দেখলেও বর্তমানে উচ্চশিক্ষার কারণে তিনি ছুটিতে রয়েছেন।
তিনি আরও জানান, গত ২৪ মার্চ মেডিকেল সেন্টারটির উদ্বোধনের পর থেকে এখন পর্যন্ত প্রায় ৭০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়েছে।
প্রতিষ্ঠাতা আব্দুর রাজ্জাক বলেন, ছোট পরিসরে কার্যক্রম শুরু হলেও ভবিষ্যতে এটিকে আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, “আমাদের লক্ষ্য এমন একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র গড়ে তোলা, যাতে এলাকার মানুষকে সাধারণ চিকিৎসার জন্য বাইরে যেতে না হয়।”
তিনি এ উদ্যোগের সফল বাস্তবায়নে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.