সুজন চৌধুরী,আলীকদম (বান্দরবান) প্রতিনিধি
রুদ্ধশ্বাস লড়াই ও টাইব্রেকারের নাটকীয়তায় ডুলহাজারা শাহ আলম জিয়া ফুটবল একাদশকে ৫-৪ গোলে হারিয়ে আনিসুর রহমান জিকু প্রদত্ত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনালে উঠেছে আলীকদমের নয়াপাড়া ফ্রেন্ড সার্কেল ক্লাব।
শনিবার বিকেলে অনুষ্ঠিত টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। নির্ধারিত সময়জুড়ে একাধিক সুযোগ তৈরি হলেও কোনো দলই গোলের দেখা পায়নি। ফলে ম্যাচের নিষ্পত্তি গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে স্নায়ুচাপ সামলে নয়াপাড়া ফ্রেন্ড সার্কেল ক্লাব ৫-৪ ব্যবধানে জয় নিশ্চিত করে। দলের খেলোয়াড়দের নিখুঁত শট এবং গোলরক্ষকের দুর্দান্ত নৈপুণ্যে নিশ্চিত হয় স্বপ্নের ফাইনালের টিকিট। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকদের উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।
ম্যাচ শেষে নয়াপাড়া ফ্রেন্ড সার্কেল ক্লাবের আহ্বায়ক ও মালয়েশিয়া প্রবাসী শহিদুল ইসলাম বলেন, "এই জয় আমাদের পুরো দলের ঐক্য, কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাসের প্রতিফলন। খেলোয়াড়রা অসাধারণ নৈপুণ্য ও লড়াকু মানসিকতার পরিচয় দিয়েছে। মাঠে উপস্থিত সমর্থক এবং দেশ-বিদেশ থেকে যারা দোয়া ও শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। ইনশাআল্লাহ, ফাইনালেও সর্বোচ্চ চেষ্টা করে শিরোপা জিতে আলীকদমবাসীকে আনন্দ উপহার দিতে চাই।"
চলমান ফুটবল উন্মাদনার আবহে এই জয় স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে বাড়তি উৎসাহ সৃষ্টি করেছে। এখন সবার দৃষ্টি টুর্নামেন্টের বহুল প্রতীক্ষিত ফাইনালের দিকে।
ফাইনালে শিরোপা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী নয়াপাড়া ফ্রেন্ড সার্কেল ক্লাব। সমর্থকদের প্রত্যাশা, দুর্দান্ত এই ধারাবাহিকতা ধরে রেখে দলটি শিরোপা জিতে আলীকদমের ফুটবলাঙ্গনে নতুন গৌরবের ইতিহাস রচনা করবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.