শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে আনোয়ারা বেগম (৭২) নামে এক বৃদ্ধা মায়ের মুখে লাথি মেরে দাঁত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে তারই ছেলে মনিরুল ইসলামের বিরুদ্ধে। শুক্রবার (২৬ জুন) সন্ধ্যায় উপজেলার কলবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
আহত আনোয়ারা বেগমকে স্বজনরা উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে রাতে তিনি ছেলে মনিরুল ইসলাম ও পুত্রবধূ ফেরদৌসি ইসলাম ঝর্ণার বিরুদ্ধে শ্যামনগর থানায় একটি মামলা দায়ের করেন।
ভুক্তভোগীর ছোট ছেলে আফতাবুজ্জামান জানান, তার বড় ভাই মনিরুল ইসলাম উপজেলার বুড়িগোয়ালিনী দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক। একই বাড়িতে বসবাসের কারণে দীর্ঘদিন ধরে মনিরুল ও তার স্ত্রী বিভিন্নভাবে তাদের মায়ের ওপর নির্যাতন করে আসছিলেন বলে অভিযোগ করেন তিনি।
তার দাবি, শুক্রবার তুচ্ছ একটি পারিবারিক বিষয় নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে মনিরুল ইসলাম তার মায়ের মুখে লাথি মারেন। এতে আনোয়ারা বেগমের সামনের একটি দাঁত ভেঙে যায় এবং তিনি আহত হন।
অভিযুক্ত মনিরুল ইসলামের মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
শ্যামনগর থানার তদন্ত ওসি পিয়ার উদ্দীন বলেন, "ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। অপরাধীর সামাজিক পরিচয় বিবেচনা না করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
পুলিশ জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.