গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বরাশুর এলাকার ব্যবসায়ী মো. জামিনুর রহমান তুহিন চাঁদাবাজি, হয়রানি ও মানহানিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন।
রোববার (২৮ জুন)নিজ ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স নাহার এন্টারপ্রাইজে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন ধরে তিনি ভাটিয়াপাড়া (বরাশুর) এলাকায় সততা ও সুনামের সঙ্গে রড-সিমেন্টের ব্যবসা পরিচালনা করে আসছেন। তবে একটি স্বার্থান্বেষী মহল তার ব্যবসায়িক সাফল্যে ঈর্ষান্বিত হয়ে দীর্ঘদিন ধরে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় ওই চক্র তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র শুরু করে।
তিনি অভিযোগ করেন, সম্প্রতি কিছু জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে তাকে জড়িয়ে 'গোপালগঞ্জে আলাদীনের চেরাগের ওপর নাম তুহিন' এবং 'আলাদীনের চেরাগ হাতে পেলেন কাশিয়ানীর তুহিন' শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।
তুহিন বলেন, সংবাদে তার নামে 'নাহার ফ্যাশন হাউজ', 'নাহার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেড', 'নাহার হাউজিং' ও 'নাহার রিসোর্ট' নামে একাধিক প্রতিষ্ঠানের মালিকানা দাবি করা হলেও বাস্তবে তার একমাত্র বৈধ ব্যবসা প্রতিষ্ঠান 'নাহার এন্টারপ্রাইজ'। প্রতিষ্ঠানটি ব্যাংক ঋণের মাধ্যমে পরিচালিত হয় এবং তিনি নিয়মিত কর পরিশোধকারী একজন ব্যবসায়ী।
তিনি আরও বলেন, মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের ফলে তিনি ও তার পরিবার সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হচ্ছেন এবং ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন হচ্ছে।
সংবাদ সম্মেলনে তিনি চাঁদাবাজ ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে প্রকৃত তথ্য তুলে ধরে দায়িত্বশীল সাংবাদিকতা করার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান।
এ সময় বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.