রুয়েট প্রতিনিধি
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থী হাসান মাহমুদ তুর্য্য ৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলাফলে পুলিশ ক্যাডারে মেধাক্রমে তৃতীয় স্থান অর্জন করেছেন। এর আগে তিনি ৪৬তম বিসিএসেও প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন। টানা দুই বিসিএসে দুটি মর্যাদাপূর্ণ ক্যাডারে সাফল্য অর্জন করে তিনি রুয়েটের জন্য নতুন গৌরব বয়ে এনেছেন।
রোববার (২৮ জুন) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে। এতে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৩২০ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনসহ মোট ১ হাজার ৫২১ জনকে সাময়িকভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, রুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২০১৬ সিরিজের শিক্ষার্থী হাসান মাহমুদ তুর্য্য পুলিশ ক্যাডারে মেধাক্রমে তৃতীয় স্থান অর্জন করেছেন।
টানা দুই বিসিএসে ভিন্ন দুটি মর্যাদাপূর্ণ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সহপাঠীদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। রুয়েট পরিবারের পক্ষ থেকে তার এ অসাধারণ সাফল্যে অভিনন্দন জানানো হয়েছে।
হাসান মাহমুদ তুর্য্যের এই অর্জন ভবিষ্যতে রুয়েটের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.