শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরে পারিবারিক বিরোধ ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধা মাকে মারধর করে দাঁত ভেঙে দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় মনিরুল ইসলাম নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার মনিরুল ইসলাম উপজেলার বুড়িগোয়ালিনী দারুস সুন্নাত দাখিল মাদ্রাসার সমাজবিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক।
অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার (২৬ জুন) সন্ধ্যায় উপজেলার কলবাড়ি গ্রামে পারিবারিক কলহের জেরে মনিরুল ইসলাম ও তার স্ত্রী ফেরদৌসী ইসলাম ঝর্ণার সঙ্গে বৃদ্ধা আনোয়ারা বেগমের (৭২) বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে মনিরুল ইসলাম তার মায়ের মুখে আঘাত করলে তার একটি দাঁত ভেঙে যায়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় আহত আনোয়ারা বেগম ছেলে মনিরুল ইসলাম ও পুত্রবধূ ফেরদৌসী ইসলাম ঝর্ণাকে আসামি করে শ্যামনগর থানায় মামলা দায়ের করেন।
শ্যামনগর থানা পুলিশ রোববার (২৮ জুন) মামলার এজাহারভুক্ত আসামি মনিরুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। মামলার অন্য আসামির বিষয়ে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.