মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের পঞ্চসার ইউনিয়নের একটি মসজিদের মাইক ব্যবহার করে ইউনিয়ন পরিষদের হোল্ডিং ট্যাক্স পরিশোধ না করার ঘোষণা দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটিকে সরকারি কার্যক্রমে বাধা হিসেবে উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে ইউনিয়ন পরিষদ।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, গত ২৪ জুন বিকেল সাড়ে ৪টার দিকে পঞ্চসার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নয়াগাঁও পশ্চিমপাড়া মক্কা জামে মসজিদে কয়েকজন ব্যক্তি মসজিদের মাইক ব্যবহার করে গ্রামের বাসিন্দাদের হোল্ডিং ট্যাক্স পরিশোধ না করার ঘোষণা দেন। বিষয়টি জানাজানি হলে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তদন্ত করে ঘটনার প্রাথমিক সত্যতা যাচাই করা হয়।
এ ঘটনায় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ইউনিয়ন পরিষদে একটি লিখিত অভিযোগ ও জবানবন্দি জমা দিয়েছেন। অভিযোগে বলা হয়, নয়াগাঁও গ্রামের বাসিন্দা মো. রাশেদুল হাসান, মো. আল আমিন চপল ও মো. মকবুল হোসেন দেওয়ানসহ কয়েকজন ব্যক্তি মসজিদে প্রবেশ করে মুয়াজ্জিন মো. আল-আমিনকে দিয়ে বারবার ঘোষণা করান, “আমাদের মুরব্বিদের সিদ্ধান্ত মোতাবেক অত্র গ্রামের কেউ ইউনিয়ন পরিষদের হোল্ডিং ট্যাক্স প্রদান করবেন না।”
অভিযোগে আরও উল্লেখ করা হয়, মুয়াজ্জিন ঘোষণা দিতে অনীহা প্রকাশ করলে তাকে জানানো হয়, পর্যায়ক্রমে ইউনিয়নের অন্যান্য মসজিদ থেকেও একই ধরনের ঘোষণা দেওয়া হবে।
পঞ্চসার ইউনিয়ন পরিষদের প্রশাসক এস এম আব্দুর রহমান বলেন, “বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি। মসজিদ পরিচালনা কমিটির সভাপতির লিখিত আবেদন পেয়েছি। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.