নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুর উপজেলায় একটি বিআরটিসির যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে গিয়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।
রোববার (২৮ জুন) সন্ধ্যা ৬টার দিকে মহাদেবপুর–পত্নীতলা আঞ্চলিক সড়কের শেরপুর দিঘীরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহতরা হলেন সাপাহার উপজেলার মৃত মনিজের ছেলে আশরাফুল ইসলাম, একই উপজেলার আব্দুর রহিমের ছেলে বেলাল হোসেন এবং পত্নীতলা উপজেলার মৃত সানাউল্লাহর ছেলে রেজওয়ান ও ক্ষিতীশ চন্দ্রের ছেলে বাঁধন।
স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া থেকে ছেড়ে আসা বিআরটিসির বাসটি সাপাহারের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে শেরপুর দিঘীরপাড় এলাকায় পার্শ্ববর্তী একটি পুকুর থেকে ট্রাক্টরের মাধ্যমে মাটি বহনের কারণে সড়কের ওপর কাদা জমে যায়। ওই কাদার ওপর দিয়ে দ্রুতগতিতে চলার সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের ওপর উল্টে পড়ে।
দুর্ঘটনার খবর পেয়ে মহাদেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট এবং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। আহতদের উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.