গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদী উপজেলায় রাতের আঁধারে একটি কলাবাগানের প্রায় ৮০টি ছোট-বড় কলাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাগান মালিকের প্রায় অর্ধলাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোমবার (২৯ জুন) দুপুরে এ ঘটনায় গৌরনদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী বাগান মালিক মোহাম্মদ কামরুজ্জামান।
অভিযোগে তিনি জানান, দক্ষিণ গোবর্ধন গ্রামের বকুলতলা মসজিদসংলগ্ন ২৪ শতক সরকারি লিজকৃত জমিতে তিনি শতাধিক কলাগাছ রোপণ করেছিলেন। গাছগুলোতে ইতোমধ্যে মোচা বের হওয়ার সময় হয়েছিল। সোমবার সকালে বাগানে গিয়ে তিনি দেখতে পান, রাতের কোনো এক সময় ধারালো অস্ত্র দিয়ে প্রায় ৮০টি কলাগাছ কেটে ফেলা হয়েছে।
কামরুজ্জামান বলেন, “স্থানীয় একটি পক্ষের সঙ্গে জমি নিয়ে আমার দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এর আগেও তারা জোরপূর্বক আমার পুকুর থেকে মাছ ধরে নিয়ে যায়। আমার ধারণা, সেই বিরোধের জের ধরেই প্রতিপক্ষ রাতের আঁধারে কলাগাছগুলো কেটে ফেলেছে।”
স্থানীয় বাসিন্দা হালান সরদার বলেন, “মানুষে মানুষে বিরোধ থাকতে পারে, কিন্তু গাছের সঙ্গে এমন শত্রুতা মেনে নেওয়া যায় না। যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত।”
গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.