নরসিংদী প্রতিনিধি
জনবল সংকট, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং আধুনিক প্রশিক্ষণ উপকরণের অভাবে নরসিংদী সদর উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টার (ইউপিইটিসি) দীর্ঘদিন ধরে নানা সমস্যার মধ্য দিয়ে কার্যক্রম পরিচালনা করছে। সংশ্লিষ্টদের আশঙ্কা, দ্রুত এসব সমস্যা সমাধান না হলে প্রাথমিক শিক্ষকদের দক্ষতা উন্নয়ন কার্যক্রম ব্যাহত হতে পারে।
জানা গেছে, কেন্দ্রটি বর্তমানে ভেলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমিতে অবস্থিত একটি ভবনে পরিচালিত হচ্ছে। একই প্রাঙ্গণে বিদ্যালয় ও প্রশিক্ষণ কেন্দ্র থাকায় অনেকেই এটিকে বিদ্যালয়ের অংশ হিসেবে মনে করেন। ফলে এটি একটি স্বতন্ত্র সরকারি দপ্তর হিসেবে সহজে চিহ্নিত করা যায় না। সংশ্লিষ্টদের মতে, উপজেলা কমপ্লেক্সে স্থানান্তর করা হলে দাপ্তরিক কার্যক্রম আরও কার্যকর ও সেবাবান্ধব হবে।
বর্তমানে প্রতিষ্ঠানটির দায়িত্বে রয়েছেন ইন্সট্রাক্টর ফেরদৌসী বেগম। তিনি ও ডাটা এন্ট্রি অপারেটর রিতা বেগম—এই দুইজন কর্মকর্তা-কর্মচারী দিয়েই পুরো কার্যক্রম পরিচালনা করছেন। সহকারী ইন্সট্রাক্টর পদটি দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এছাড়া ২০১৮ সালে নৈশ প্রহরী সাময়িক বরখাস্ত হওয়ার পর থেকে ওই পদটিও শূন্য রয়েছে।
প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় অবকাঠামোরও ঘাটতি রয়েছে। প্রশিক্ষণ কক্ষের সংস্কার, শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) ব্যবস্থা, আধুনিক সাউন্ড সিস্টেম, মাল্টিমিডিয়া প্রজেক্টর, কম্পিউটার এবং উচ্চগতির ইন্টারনেট সংযোগের প্রয়োজন রয়েছে। এছাড়া ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে প্রশিক্ষণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ সমস্যা সমাধানে বিদ্যুৎ সংযোগ ডিসি ফিডারে স্থানান্তরের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
প্রতিষ্ঠানটিতে অফিস কক্ষেরও সংকট রয়েছে। কর্মকর্তা-কর্মচারী ও প্রশিক্ষণার্থীদের ব্যবহারের জন্য মাত্র একটি বাথরুম রয়েছে, যা দীর্ঘদিন ধরে ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। নিরাপদ ও সুপেয় পানিরও কোনো স্থায়ী ব্যবস্থা নেই।
২০২৫-২৬ অর্থবছরে কেন্দ্রটিতে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪)-এর আওতায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের (SEND) শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন বিষয়ে ‘একীভূতকরণের কৌশল: শিখন-শেখানো এবং মূল্যায়ন’ শীর্ষক একটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
ইন্সট্রাক্টর ফেরদৌসী বেগম বলেন, “বর্তমান সরকারের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের উদ্যোগ বাস্তবায়নে উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু প্রয়োজনীয় জনবল ও অবকাঠামোগত সংকটের কারণে কার্যক্রম পরিচালনায় নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এসব সমস্যা দ্রুত সমাধান এবং জনবলের যৌক্তিক দাবিগুলো বিবেচনায় নেওয়া প্রয়োজন।”
সংশ্লিষ্টরা শূন্য পদে দ্রুত জনবল নিয়োগ, উপজেলা কমপ্লেক্সে দপ্তর স্থানান্তর, প্রশিক্ষণ কক্ষ আধুনিকায়ন, প্রয়োজনীয় প্রযুক্তি ও প্রশিক্ষণ উপকরণ সরবরাহ, সুপেয় পানির ব্যবস্থা এবং অন্যান্য অবকাঠামোগত উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.