আর.কে.বাপ্পা,দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরার দেবহাটার ঐতিহ্যবাহী টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে জলবায়ু পরিবর্তন বিষয়ক র্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি বের হয়। র্যালিটি বিদ্যালয় সংলগ্ন বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মাহবুবুর রহমান বাবলু, অভিভাবক মেহেদী হাসান কাজল এবং ইউপি সদস্য ও অভিভাবক আজগর আলী। এছাড়া বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি, ঘূর্ণিঝড়, বন্যা, খরা, নদীভাঙন এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মতো প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়ছে। জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশকে পরিবেশ সংরক্ষণে আরও সচেতন হতে হবে। বেশি বেশি বৃক্ষরোপণ, প্লাস্টিকের ব্যবহার কমানো, পানি ও বিদ্যুতের অপচয় রোধ এবং পরিবেশবান্ধব জীবনযাপনের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এ সময় পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.