ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি জেলা যুবলীগের আহ্বায়কসহ পাঁচ নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (২৯ জুন) ঝালকাঠির চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এইচ এম কবির হোসেন এ আদেশ দেন। ঝালকাঠি সদর থানা পুলিশ তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে পাঠানো ব্যক্তিরা হলেন— ঝালকাঠি জেলা যুবলীগের আহ্বায়ক, সাবেক পৌর কাউন্সিলর ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম জাকির, জেলা যুবলীগের সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা শাহজাদা মহসিন পরাগ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান মুন্না, রাজাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান হাবীব রুবেল এবং কীর্ত্তিপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুস শুক্কুর মোল্লা।
জানা গেছে, গত ১৯ জুন রাজধানীর পিজি হাসপাতালের সামনে থেকে রমনা বিভাগের গোয়েন্দা পুলিশ (ডিবি) নিউমার্কেট থানায় দায়ের করা একটি হত্যা মামলায় চার নেতাকে গ্রেপ্তার করে। পরে তাদের ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে আওয়ামী লীগ নেতা আব্দুস শুক্কুর মোল্লা ঝালকাঠির একটি মামলায় উচ্চ আদালতের জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় তিনি ঝালকাঠি আদালতে আত্মসমর্পণ করলে তাকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
মামলার তদন্ত কর্মকর্তা রমনা জোনের গোয়েন্দা বিভাগের (ডিবি) পরিদর্শক মো. সুজন হক জানান, ঢাকা কামরাঙ্গীরচর এলাকার শাহজাহান আলী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে চারজনকে ১৯ জুন শাহবাগের পিজি হাসপাতালের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, ঢাকায় গ্রেপ্তার হওয়া চার নেতার বিরুদ্ধে ঝালকাঠি সদর থানায়ও মামলা রয়েছে। সে মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ঝালকাঠি আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.