নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
দেশের শিক্ষা, বিজ্ঞান ও গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালের স্বাধীনতা পুরস্কারে ভূষিত দুই বিশিষ্ট বিজ্ঞানী অধ্যাপক ড. জেড. এ. করিম এবং অধ্যাপক ড. এম. এ. রহিমকে সংবর্ধনা দিয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)।
সোমবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে দুই বিজ্ঞানীকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাকৃবির উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আবদুল্লাহ্ মৃধা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) সাবেক ও প্রথম নারী চেয়ারম্যান অধ্যাপক ড. জেড. এন. তাহমিদা বেগম। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, প্রক্টর, শিক্ষক, কর্মকর্তা এবং দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে উপাচার্য দুই বিজ্ঞানীকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তাদের হাতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় রেজিস্ট্রার তাদের কর্মজীবন, গবেষণা এবং জাতীয় অবদানের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে গবেষণা ও প্রশিক্ষণ ক্যাটাগরিতে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত অধ্যাপক ড. এম. এ. রহিম বলেন, গবেষণায় সফল হতে হলে নিষ্ঠা, ধৈর্য ও দায়িত্ববোধের বিকল্প নেই। তিনি তরুণ গবেষকদের বিজ্ঞানচর্চায় আত্মনিয়োগের আহ্বান জানান।
বিজ্ঞান ও প্রযুক্তি ক্যাটাগরিতে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের (বিএএস) সভাপতি অধ্যাপক ড. জেড. এ. করিম বলেন, “জীবনে নিয়মানুবর্তিতার কোনো বিকল্প নেই।” তিনি বিশ্বে উদ্ভাবিত নতুন প্রযুক্তি ও গবেষণার ফলাফল দেশের বাস্তবতার সঙ্গে সমন্বয় করে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন এবং আন্তর্জাতিক মানের গবেষণায় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান।
সমাপনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, “আপনাদের পদচারণায় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় গর্বিত। দেশের জন্য আপনাদের অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।” তিনি বলেন, এই দুই বিজ্ঞানীর আদর্শ ও অভিজ্ঞতা ধারণ করে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের গবেষণা প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্য নিয়ে কাজ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
উল্লেখ্য, অধ্যাপক ড. জেড. এ. করিম বাংলাদেশের জলবায়ু পরিবর্তন গবেষণার অন্যতম পথিকৃৎ। অন্যদিকে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. এম. এ. রহিম দেশের ফল গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রেখে ১২৮টি নতুন ফলের জাত উদ্ভাবনে নেতৃত্ব দিয়েছেন। তাঁর উদ্ভাবিত ‘বিইউ কুল’ জাতটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। এছাড়া তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিইউ জার্মপ্লাজম সেন্টারের অন্যতম প্রতিষ্ঠাতা, যা বর্তমানে দেশের বৃহত্তম এবং বিশ্বের অন্যতম বৃহৎ জার্মপ্লাজম সংগ্রহকেন্দ্র হিসেবে পরিচিত।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.