ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় বৃষ্টির মধ্যে ধানক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে মো. কামরুল (৩২) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
সোমবার (২৯ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার বুলাকিপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হরিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কামরুল বুলাকিপুর ইউনিয়নের বলগাড়ী চন্ডিদাসপুর গ্রামের দিলদার রহমানের ছেলে। আহতরা হলেন একই এলাকার জমির মালিক গোলজার (৩৫) ও দিনমজুর নূরনবী (৩০)।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকেই এলাকায় বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যেই কামরুল, গোলজার ও নূরনবী ধানের জমি প্রস্তুতের কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই কামরুলের মৃত্যু হয়। বজ্রপাতে গোলজার ও নূরনবী আহত হন।
ঘটনার পর স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে বাড়িতে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। বর্তমানে তারা আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানা গেছে।
বুলাকিপুর ইউনিয়নের ইউপি সদস্য ময়নুল ইসলাম জানান, বজ্রপাতে ঘটনাস্থলেই কামরুলের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.