নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ক্লিক বেইট’ বা বিভ্রান্তিকর শিরোনাম পরিহার করে সত্যনির্ভর ও দায়িত্বশীল কনটেন্ট তৈরির আহ্বান জানিয়েছেন।
সোমবার (২৯ জুন) গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলার উদীয়মান কনটেন্ট নির্মাতাদের (কনটেন্ট ক্রিয়েটর) নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
জেলা প্রশাসক বলেন, প্রযুক্তির বিকাশের ফলে মানুষের তথ্য গ্রহণের ধরনে বড় পরিবর্তন এসেছে। এখন স্মার্টফোন, ফেসবুক, ইউটিউব ও টিকটকের মতো প্ল্যাটফর্ম মানুষের চিন্তা ও মতামত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই কনটেন্ট নির্মাতাদের সামাজিক দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে।
তিনি বলেন, “মানুষ তার কর্মের মাধ্যমেই সমাজে পরিচিতি লাভ করে।” কনটেন্ট তৈরির ক্ষেত্রে সঠিক তথ্য উপস্থাপন, তথ্য যাচাই (ফ্যাক্ট চেকিং) এবং কনটেন্টের উপস্থাপনার কৌশল (Forming and Framing)-এর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিউ বাড়ানোর জন্য বিভ্রান্তিকর শিরোনাম বা ‘ক্লিক বেইট’ ব্যবহার অনৈতিক। দুর্যোগ বা সংকটের সময় গুজব না ছড়িয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করাও কনটেন্ট নির্মাতাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
বক্তব্যে তিনি বিশ্বখ্যাত কৌতুক অভিনেতা চার্লি চ্যাপলিন এবং ‘ইত্যাদি’ অনুষ্ঠানের পরিকল্পনাকারী ও উপস্থাপক হানিফ সংকেতের উদাহরণ তুলে ধরে বলেন, বিনোদনের মধ্য দিয়েও সমাজে ইতিবাচক ও শক্তিশালী বার্তা পৌঁছে দেওয়া সম্ভব।
তিনি আরও জানান, গাজীপুরের তরুণ কনটেন্ট নির্মাতাদের দক্ষতা উন্নয়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে একদিনব্যাপী বিশেষ কর্মশালার আয়োজন করা হবে।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সোহেল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজির, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম. রকিবুল হাসান, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।
মতবিনিময় সভায় দায়িত্বশীল, তথ্যভিত্তিক ও জনকল্যাণমুখী কনটেন্ট তৈরির মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমকে ইতিবাচক পরিবর্তনের হাতিয়ার হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.