বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার হাছিনা গাজী বালিকা উচ্চ বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সচেতন করতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের লার্নিং অ্যাক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) প্রকল্পের আওতায় এবং শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির আওতায় বিদ্যালয় প্রাঙ্গণে ৩টি ফলদ (নারিকেল), ৪টি বনজ (মেহগনি) এবং ১টি ঔষধি (নিম) গাছের চারা রোপণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মোতালেব হোসেন সরকার, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বাট্টাজোড় ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আক্তার হোসেন মাস্টার, বাট্টাজোড় ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য মমতাজ বেগম কবিতা, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. খোকন মণ্ডল, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন, সহকারী শিক্ষক আখতারুজ্জামান, জুলেখা খাতুন, মোহাম্মদ আজিজুর রহমান, বীথি বিশ্বাস, মো. আব্দুল বাছেত, মো. ফুরকান আলী, মো. মোশারফ হোসেন, সাবিনা জাহান, মো. হাফিজুল ইসলাম ও মো. সাইফুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতারাও উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, বৃক্ষরোপণের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব, পরিবেশ সংরক্ষণ এবং বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
বিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করে, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তুলতে এবং সবুজ বাংলাদেশ বিনির্মাণে ইতিবাচক ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.