মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট হোসেন সরকারি অর্থ ব্যবহারে সততা ও দায়িত্বশীলতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। উপজেলার বিভিন্ন খাল পুনঃখনন প্রকল্পের কাজ শেষ হওয়ার পর উদ্বৃত্ত থাকা ৭ লাখ টাকার বেশি অর্থ সরকারি কোষাগারে ফেরত দিয়ে তিনি স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জলাবদ্ধতা নিরসন, কৃষি সেচব্যবস্থার উন্নয়ন এবং পানি নিষ্কাশনের সুবিধার্থে মনিরামপুর উপজেলার বিভিন্ন এলাকায় একাধিক খাল পুনঃখনন প্রকল্প বাস্তবায়ন করা হয়। নির্ধারিত বাজেট ও সময়ের মধ্যে কাজ শেষ হওয়ার পর হিসাব-নিকাশে দেখা যায়, বরাদ্দকৃত অর্থের মধ্যে ৭ লাখ টাকারও বেশি উদ্বৃত্ত রয়েছে। পরবর্তীতে ইউএনও সম্রাট হোসেন বিধি অনুযায়ী পুরো অর্থ সরকারি কোষাগারে জমা দেন।
এ বিষয়ে ইউএনও সম্রাট হোসেন বলেন, "সরকারি অর্থ জনগণের আমানত। প্রকল্পের কাজ সঠিকভাবে সম্পন্ন হওয়ার পর যে অর্থ অবশিষ্ট ছিল, তা সরকারি কোষাগারে ফেরত দেওয়া আমার দায়িত্ব। এটি স্বাভাবিক প্রশাসনিক দায়িত্ব পালন ছাড়া অন্য কিছু নয়।"
তার এই উদ্যোগে স্থানীয় সচেতন মহল, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, সরকারি অর্থের সুষ্ঠু ব্যবস্থাপনা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অন্য কর্মকর্তাদের জন্যও অনুসরণীয় উদাহরণ হয়ে থাকবে।
স্থানীয়দের মতে, সরকারি অর্থের স্বচ্ছ ব্যবহার এবং উদ্বৃত্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেওয়ার মতো উদ্যোগ প্রশাসনের প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় করবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.