অশোক মুখার্জি,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন কাউয়ার চর সমুদ্র সৈকতে প্রায় ৫৬ ফুট দৈর্ঘ্যের একটি মৃত তিমি ভেসে এসেছে। জোয়ারের পানিতে ভেসে আসা বেলিন (Baleen) প্রজাতির তিমিটির মরদেহ সৈকতের বালুচরে আটকে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুরে ট্যুর গাইড তরিকুল ইসলাম প্রথম তিমিটিকে দেখতে পান। পরে তিনি বিষয়টি বন বিভাগকে অবহিত করেন। কী কারণে তিমিটির মৃত্যু হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক কেএম বাচ্চু ও উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের সদস্য আবুল হোসেন রাজু জানান, দীর্ঘ সময় পানিতে থাকার কারণে তিমিটির দেহে পচন ধরেছে এবং তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে।
মৃত তিমির খবর ছড়িয়ে পড়লে সেটি দেখতে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের ভিড় জমে কাউয়ার চর সৈকতে।
কলাপাড়া উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াসীন সাদেক জানান, খবর পেয়ে বন বিভাগকে তিমিটি উদ্ধার করে যথাযথভাবে মাটি চাপা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বন বিভাগের তত্ত্বাবধানে পরিবেশকর্মী ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা তিমিটির মরদেহ অপসারণ ও মাটি চাপা দেওয়ার কাজ করছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.