স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের সদর উপজেলার বাঁশগ্রাম গ্রামে চুরির সন্দেহে আনোয়ার হোসেন (৩০) নামে এক মানসিক প্রতিবন্ধী যুবককে গাছের সঙ্গে বেঁধে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার বড় ভাই নবীর হোসেন বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে নড়াইল সদর থানায় মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা যায়, আনোয়ার হোসেন বাঁশগ্রাম গ্রামের কাওছার উদ্দিন মোল্যার ছেলে এবং তিনি মানসিক প্রতিবন্ধী। গত ২৫ জুন সকালে বাড়ি থেকে বের হওয়ার পর রাতে আর ফিরে আসেননি। ওই রাতে গোবরা মালোপাড়া এলাকায় ঘোরাফেরার সময় প্রসেনজিৎ বিশ্বাস, সৌরভ বিশ্বাস, অপূর্ব বিশ্বাস, আকাশ বিশ্বাস ও হৃদয় বিশ্বাসসহ কয়েকজন তাকে চোর সন্দেহে আটক করে। পরে তাকে একটি গাছের সঙ্গে বেঁধে রাতভর মারধর ও শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
একপর্যায়ে আনোয়ার গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয় ইউপি সদস্য কামাল শিকদারের মাধ্যমে খবর পেয়ে নড়াইল সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করে। পরদিন সকালে পরিবারের সদস্যরা হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন অবস্থায় তাকে দেখতে পান।
নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অলোক কুমার বাগচী জানান, আনোয়ার হোসেনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
আনোয়ারের বড় ভাই নবীর হোসেন বলেন, “আমার ভাই মানসিক প্রতিবন্ধী হওয়ায় প্রায়ই বাড়ি থেকে বের হয়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াত। সেই সুযোগে তাকে চোর সন্দেহে নির্মমভাবে মারধর করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
অন্যদিকে প্রধান অভিযুক্ত প্রসেনজিৎ বিশ্বাসের মা স্মৃতি বিশ্বাস বলেন, “রাতে আনোয়ার আমাদের বাড়িতে ঢুকে ভ্যানের শিকল ধরে টানাটানি করছিল। তখন আমার ছেলে ‘চোর, চোর’ বলে চিৎকার করলে স্থানীয় লোকজন এসে তাকে ধরে গাছে বেঁধে মারধর করে। তবে কারা মারধর করেছে, তা আমি বলতে পারব না।”
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, “ভুক্তভোগীর ভাইয়ের দায়ের করা মামলায় পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.