ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে সামাজিক আধিপত্যকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত হওয়ার দাবি করা একেন মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তবে প্রতিপক্ষের দাবি, তিনি দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন এবং তার মৃত্যু স্বাভাবিক।
জানা যায়, গত ২৮ জুন ভোরে আওয়াল মেম্বার ও জামিরুল ইসলামের সমর্থকদের মধ্যে সামাজিক বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হওয়ার দাবি করে একেন মোল্লাকে প্রথমে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানেও শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সোমবার দিবাগত রাতে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতের ছেলে আবেদ আলী বলেন, সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত হওয়ার পর তার বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়ার পথে তিনি মারা যান।
অন্যদিকে প্রতিপক্ষ জামিরুল ইসলাম দাবি করেন, একেন মোল্লা দীর্ঘদিন ধরেই বিভিন্ন রোগে ভুগছিলেন। ২৮ জুন তাকে হাসপাতালে ভর্তি করা হলেও তার শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না। রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে স্বাভাবিক মৃত্যুকে হত্যাকাণ্ড হিসেবে প্রচারের চেষ্টা করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুর কবির মোল্লা বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.