জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার এবং চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৯ জুন) গভীর রাতে জেলার বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মো. আসাদুজ্জামান।
গ্রেপ্তাররা হলেন বগুড়ার আদমদীঘি উপজেলার উথাইল গ্রামের সাইদুল কাজীর ছেলে রবিউল ইসলাম (২৪), জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মালঞ্চা ফকিরপাড়ার আতোয়ার হোসেনের ছেলে নাদিম (২৫) এবং একই উপজেলার নাকুলগাছি গ্রামের মোবারক হোসেনের ছেলে সোহেল রানা (৩১)।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তারের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাঁচবিবি উপজেলার বালিঘাটা লতিরহাট এলাকা থেকে একটি কালো রঙের ডিসকভার ১১০ সিসি এবং মালঞ্চা এলাকা থেকে একটি লাল রঙের অ্যাপাচি আরটিআর ১৫০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় প্রায় দুই ডজন মামলা রয়েছে। চোর চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.