মণিরামপুর (যশোর)প্রতিনিধি
যশোরের মনিরামপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম আমিনপুরে বসেই জিপসাম দিয়ে নান্দনিক ডেকোরেশন সামগ্রী তৈরি করে সাড়া ফেলেছেন তরুণ উদ্যোক্তা মাহমুদুল হাসান সবুজ। তার হাতে তৈরি বিভিন্ন ধরনের জিপসাম পণ্য এখন দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে।
সরেজমিনে দেখা যায়, নিজ বাড়ির উঠানেই ছোট পরিসরে গড়ে তুলেছেন জিপসাম সামগ্রী তৈরির কর্মশালা। সেখানেই নিজ হাতে তৈরি করছেন বিভিন্ন ধরনের হোম ডেকোরেশন সামগ্রী। পরে সেগুলো বিক্রি হচ্ছে অনলাইন এবং সরাসরি শোরুমের মাধ্যমে।
মাহমুদুল হাসান সবুজ জানান, তার সফলতার পথ মোটেও সহজ ছিল না। দীর্ঘ সাত বছর ঢাকার একটি জিপসাম কারখানায় স্বল্প বেতনে কাজ করে এ শিল্পের খুঁটিনাটি শেখেন। শুরু থেকেই তার লক্ষ্য ছিল একদিন নিজেই উদ্যোক্তা হবেন। সেই স্বপ্ন বাস্তবায়নে চাকরি ছেড়ে ঝুঁকি নিয়েই গ্রামের বাড়িতে নিজস্ব উদ্যোগে জিপসাম ডেকোরেশন সামগ্রী উৎপাদন শুরু করেন।
তিনি আরও জানান, বাড়ি থেকে কয়েকশ মিটার দূরে রাজারহাট-চুকনগর মহাসড়কের পাশে একটি ছোট শোরুম নিয়েছেন। সেখানে বড় কোনো বাজার বা লোকসমাগম না থাকলেও প্রতিদিন দেশের বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা অনলাইনে অর্ডার করছেন। পাশাপাশি অনেকেই সরাসরি শোরুমে এসে পণ্য কিনে নিয়ে যাচ্ছেন।
সবুজের মতে, একাগ্রতা, ধৈর্য এবং কঠোর পরিশ্রমই তাকে সফলতার পথে এগিয়ে নিয়েছে। ভবিষ্যতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি আরও কয়েকজনের কর্মসংস্থান সৃষ্টি করার পরিকল্পনাও রয়েছে তার।
স্থানীয়রা বলছেন, প্রত্যন্ত গ্রামে বসে এমন ব্যতিক্রমী উদ্যোগ শুধু সবুজের ব্যক্তিগত সফলতাই নয়, বরং এলাকার তরুণদের জন্যও অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.