মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার মারিয়ালয়-মোকামখোলা খালের প্রায় ৬ কিলোমিটার পুনঃখননকাজ সম্পন্ন হওয়ায় স্থানীয় জনজীবনে ইতিবাচক পরিবর্তনের নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। দীর্ঘদিনের প্রত্যাশিত এ খাল খননের ফলে জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং মৎস্য সম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন এলাকাবাসী।
স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে পলি জমে খালটি ভরাট হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন হতো না। ফলে আশপাশের ফসলি জমি ও বসতবাড়িতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনদুর্ভোগ বাড়ত। পুনঃখননের ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ ফিরবে এবং জলাবদ্ধতার সমস্যা অনেকাংশে দূর হবে বলে তাদের বিশ্বাস।
এছাড়া সারা বছর খালে পানি সংরক্ষণের সুযোগ সৃষ্টি হওয়ায় কৃষকরা সহজেই সেচ সুবিধা পাবেন। এতে কৃষি উৎপাদন বৃদ্ধি, বহুমুখী ফসল চাষের সম্প্রসারণ এবং কৃষকদের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে। পাশাপাশি মৎস্য সম্পদের বিকাশ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং স্থানীয় পরিবেশের উন্নয়নেও খালটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংশ্লিষ্টরা জানান, খাল পুনঃখননের ফলে ভূগর্ভস্থ পানির পুনর্ভরণ, নৌযান চলাচলের সম্ভাবনা বৃদ্ধি এবং এলাকার প্রাকৃতিক সৌন্দর্যও বাড়বে। ভবিষ্যতে এ খালকে কেন্দ্র করে পর্যটন ও বিনোদনের সুযোগও সৃষ্টি হতে পারে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় ‘সারাদেশে পুকুর ও খাল উন্নয়ন’ প্রকল্পের মাধ্যমে পরিবেশবান্ধব উপায়ে খননকাজ বাস্তবায়ন করা হচ্ছে। উপজেলা প্রকৌশলী শাহ মোয়াজ্জেম বলেন, দ্রুত কাজ সম্পন্ন করে খালটি জনসাধারণের ব্যবহারের উপযোগী করে তোলার লক্ষ্যে কার্যক্রম চলছে।
স্থানীয় বাসিন্দারা মনে করছেন, মারিয়ালয়-মোকামখোলা খাল পুনঃখনন প্রকল্প শুধু একটি অবকাঠামোগত উন্নয়ন নয়; এটি কৃষি, পরিবেশ, অর্থনীতি এবং জনজীবনের সার্বিক উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.