কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের কালকিনি উপজেলায় নিরীহ লোকজনকে জড়িয়ে থানায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানির চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় ব্যবসায়ীরা।
বুধবার (১ জুলাই) দুপুরে উপজেলার নতুন টরকী বাজারসংলগ্ন প্রধান সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বাজারের শতাধিক ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
অভিযোগকারীদের দাবি, সম্প্রতি রমজানপুর এলাকার বাসিন্দা রাশেদ বেপারীকে তার ব্যবসাপ্রতিষ্ঠানে এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পান স্থানীয়রা। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে। পরে রাশেদ বেপারী উল্টো এলাকার নিরীহ ও সাধারণ মানুষকে আসামি করে কালকিনি থানায় অভিযোগ দায়ের করেন বলে মানববন্ধনে দাবি করা হয়।
মানববন্ধনে বক্তব্য দিয়ে ভুক্তভোগী বিএনপি নেতা তারেক পাইক বলেন, “ঘটনায় ধরা পড়ার পর রাশেদ বেপারী এখন নিরীহ মানুষকে আইনি হয়রানি করছেন। তার অভিযোগের কারণে এলাকার সম্মানিত ব্যক্তি ও ব্যবসায়ীরা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন।”
নতুন টরকী বাজারের দোকান মালিক সোহেল বেপারী প্রশাসনের কাছে অভিযোগটি নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানিয়ে বলেন, অভিযোগটি মিথ্যা প্রমাণিত হলে রাশেদ বেপারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। অন্যথায় ব্যবসায়ী ও এলাকাবাসী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
এ সময় নতুন টরকী বাজারের সভাপতি দিদারুল ইসলাম টিটু বেপারী, জামাল বেপারী, আখতার বেপারী, নাসিরউদ্দিন রাড়ী, রহিম খা, কামাল বেপারীসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
তবে অভিযোগ অস্বীকার করে রাশেদ বেপারী বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো সত্যতা নেই।
এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, “ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.