রুহুল আমিন,মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের মেলান্দহ উপজেলায় ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির পদ এবং দলীয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ফকির আবু বকর সিদ্দিক।
বুধবার (১ জুলাই) দুপুরে উপজেলা সদরে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
ফকির আবু বকর সিদ্দিক উপজেলার ৫ নম্বর নয়ানগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি আর কোনো রাজনৈতিক দলের সঙ্গেও সম্পৃক্ত থাকব না।”
তিনি জানান, ব্যক্তিগত ও পারিবারিক কারণে তিনি স্বেচ্ছায় মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন এবং দলীয় সব কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন।
তিনি আরও দাবি করেন, ২০২৪ সালের ২৫ নভেম্বর সাংগঠনিকভাবে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছিলেন। তবে বিভিন্ন কারণে বিষয়টি তখন আনুষ্ঠানিকভাবে জানাতে পারেননি। তাই সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি বিষয়টি গণমাধ্যমকে অবহিত করেছেন।
নিজের রাজনৈতিক জীবনের বিষয়ে আবু বকর সিদ্দিক বলেন, ১৯৮০ সালে ছাত্ররাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক পথচলা শুরু হয়। পরে তিনি মেলান্দহ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক, যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি জানান, ২০০৩ সালে তিনি ৫ নম্বর নয়ানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। চেয়ারম্যান থাকাকালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাজের স্বীকৃতিস্বরূপ তৎকালীন স্থানীয় সরকারমন্ত্রী আব্দুল মান্নানের হাত থেকে গোল্ড মেডেল পুরস্কার লাভ করেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বিএনপির দায়িত্ব পালনকালে তিনি হামলার শিকার হন এবং পরে বিভিন্ন মামলা-মোকদ্দমার মুখে পড়েন। সেই পরিস্থিতিতে ২০১৯ সালে মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সহ-সভাপতির দায়িত্ব গ্রহণ করেন বলে দাবি করেন।
তবে আবু বকর সিদ্দিকের বক্তব্যগুলো তার নিজস্ব দাবি। এ বিষয়ে আওয়ামী লীগের স্থানীয় নেতাদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.