মো.জিহাদুল ইসলাম, নড়াইল
নড়াইলের নড়াগাতী থানার দক্ষিণ যোগানীয়া গ্রামে ধারের টাকা অথবা সমমূল্যের জমি ফেরত চাওয়াকে কেন্দ্র করে অস্ট্রিয়া প্রবাসী শেখ শামছুর রহমানকে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তার ভাতিজা রুবেল শেখের (৪২) বিরুদ্ধে। এ ঘটনায় নড়াগাতী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী শেখ শামছুর রহমান।
অভিযোগ সূত্রে জানা যায়, দক্ষিণ যোগানীয়া গ্রামের মৃত রাজ্জাক শেখের ছেলে শেখ শামছুর রহমান দীর্ঘদিন ধরে অস্ট্রিয়ায় বসবাস করছেন। প্রবাসে থাকাকালে তার বাড়িঘর দেখাশোনার দায়িত্ব মাসিক বেতনের ভিত্তিতে পালন করতেন তার প্রয়াত ভাই ওলিয়ার রহমানের ছেলে রুবেল শেখ।
অভিযোগে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ২ এপ্রিল যোগানীয়া বাজারে দোকান করার জন্য রুবেল শেখ শেখ শামছুর রহমানের কাছ থেকে ধার হিসেবে ২ লাখ টাকা নেন। ওই টাকা ফেরত দিতে না পারলে সমমূল্যের জমি রেজিস্ট্রি করে দেওয়ার অঙ্গীকার করে নিজ হাতে একটি চুক্তিপত্র লিখে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠান বলেও অভিযোগে বলা হয়েছে।
পরবর্তীতে শেখ শামছুর রহমান দেশে এসে টাকা অথবা জমি ফেরত চাইলে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। সর্বশেষ চলতি বছরের ৩০ জুন তিনি পুনরায় টাকা বা জমি দাবি করলে রুবেল শেখ তার স্ত্রীকে দিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেন বলে অভিযোগ করেন শামছুর রহমান। এ কারণে তিনি আইনি প্রতিকার চেয়ে নড়াগাতী থানায় লিখিত অভিযোগ করেছেন এবং তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তবে অভিযোগ অস্বীকার করে রুবেল শেখ বলেন, প্রবাস থেকে দেশে এলে তিনি কয়েক কিস্তিতে শেখ শামছুর রহমানের পাওনা টাকা পরিশোধ করেছেন। তবে এ দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ দেখাতে পারেননি।
এ বিষয়ে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রহিম বলেন, “একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.