স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইল সদর উপজেলার বাঁশগ্রামে চোর সন্দেহে গণপিটুনির শিকার হওয়া মানসিক প্রতিবন্ধী যুবক আনোয়ার হোসেন (২৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আট দিন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।
নিহত আনোয়ার হোসেন সদর উপজেলার বাঁশগ্রামের মৃত কাওসার মোল্যার ছেলে।
মামলার এজাহার ও পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, গত ২৪ জুন সকালে আনোয়ার বাড়ি থেকে বের হয়ে রাতে আর ফেরেননি। ওই রাতে গোবরা মালোপাড়া এলাকায় ঘোরাফেরার সময় স্থানীয় কয়েকজন তাকে চোর সন্দেহে আটক করেন। অভিযোগ রয়েছে, প্রসেনজিৎ বিশ্বাসের সহযোগিতায় সৌরভ বিশ্বাস, অপূর্ব বিশ্বাস, আকাশ বিশ্বাস, হৃদয় বিশ্বাসসহ ৭-৮ জন তাকে গাছের সঙ্গে বেঁধে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় ইউপি সদস্য কামাল শিকদারের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আনোয়ারকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে পরদিন তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আট দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।
নিহতের বড় ভাই নবীর হোসেন বলেন, “আনোয়ার মানসিক প্রতিবন্ধী ছিল। সেই সুযোগে তাকে চোর সন্দেহে নির্মমভাবে মারধর করা হয়েছে। আমরা এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
অভিযুক্ত ব্যক্তিরা এলাকা ছেড়ে পালিয়ে থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, আনোয়ার হোসেনকে মারধরের ঘটনায় আগে একটি মামলা দায়ের হয়েছিল। তার মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.