দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুরে রিপন কাজী (২৫) নামে এক মুদি দোকানির রহস্যজনক মৃত্যু হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) ভোররাতে মিরপুর পৌরসভার তালতলা এলাকায় কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের পাশে নিজ দোকান ও বাড়ির সামনে গুরুতর আহত অবস্থায় রিপন কাজীকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে প্রথমে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রিপন কাজী তালতলা এলাকার বাসিন্দা আলম কাজীর ছেলে এবং স্থানীয় ‘রিপন স্টোর’ নামে একটি মুদি দোকানের মালিক ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, রিপনের শরীরের বিভিন্ন স্থানে এবং মাথায় আঘাতের চিহ্ন ছিল। তবে কীভাবে তিনি আহত হয়েছেন বা মৃত্যুর কারণ কী, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, রিপন কাজীর মৃত্যু মারধরের কারণে হয়েছে নাকি অন্য কোনো কারণে, তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.