আর.কে.বাপ্পা দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটায় অসহায় নারী, দুঃস্থ ও মেধাবী শিক্ষার্থী এবং সুবিধাবঞ্চিত মানুষের মাঝে সেলাই মেশিন, ভ্যান, বাইসাইকেল ও স্কুলের বেঞ্চ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল ৪টায় উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলহাজ মাহবুবুল আলম ও ওমর ফারুক, উপজেলা প্রকৌশলী দ্যূতি মণ্ডল, উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম এবং সাধারণ সম্পাদক হাফেজ এমদাদুল হক।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, অসহায় ও দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। উন্নয়নমূলক প্রকল্পগুলোর সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করে যেন সাধারণ মানুষ প্রকৃত উপকার পায়, সে বিষয়ে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, অবকাঠামো উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন, সড়ক যোগাযোগ ব্যবস্থা এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের শেষে পাঁচজন অসহায় নারীর মাঝে সেলাই মেশিন, ১৬ জন মেধাবী ও দুঃস্থ শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল, পাঁচজন অসহায় ব্যক্তির মাঝে ভ্যান এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ৮০ জোড়া বেঞ্চ বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.