রুহুল আমিন,মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা উপলক্ষে বাজেটোত্তর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল ৩টায় হাজরাবাড়ী পৌরসভা কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক মাহমুদা আক্তার জ্যোতি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য পৌরসভার মোট প্রস্তাবিত আয় ধরা হয়েছে ১৪ কোটি ১৯ লাখ ১ হাজার ৫৩১ টাকা। প্রস্তাবিত ব্যয় নির্ধারণ করা হয়েছে ১৩ কোটি ৮৪ লাখ ৩৫ হাজার ৫৯০ টাকা। ফলে উদ্বৃত্ত (স্থিতি) রাখা হয়েছে ৩৪ লাখ ৬৫ হাজার ৯৪১ টাকা।
বাজেট উপস্থাপনকালে প্রশাসক মাহমুদা আক্তার জ্যোতি বলেন, “জনগণের করের অর্থের সর্বোচ্চ সঠিক ব্যবহার নিশ্চিত করে স্বচ্ছতা, জবাবদিহিতা ও টেকসই উন্নয়নের মাধ্যমে নাগরিকদের উন্নত সেবা প্রদানই আমাদের মূল লক্ষ্য। পৌরবাসীর সহযোগিতায় একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব পৌরসভা গড়ে তুলতে আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি।”
তিনি আরও বলেন, এবারের বাজেটে নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, নিরাপদ পানি সরবরাহ, স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাজরাবাড়ী পৌরসভার সহকারী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মুহাম্মদ মোয়াক্ষির হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা শিক্ষা কর্মকর্তা আজাদুর রহমান ভূঁইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইকবাল হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসী, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল মজিদ ভূঁইয়া, হাজরাবাড়ী পৌরসভার হিসাবরক্ষক সাখাওয়াত হোসেন, মেলান্দহ প্রেসক্লাবের সভাপতি হাজী আবুল হাসেমসহ প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিক এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
সংবাদ সম্মেলনের শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রশাসক মাহমুদা আক্তার জ্যোতি। তিনি প্রস্তাবিত বাজেট বাস্তবায়নে পৌরবাসীর সহযোগিতা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.