ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ডোবার পানিতে ডুবে সাজ্জাদ হোসেন মারুফ (১৪) নামে এক বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলার ১ নম্বর বুলাকিপুর ইউনিয়নের বরাতিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মারুফ ওই গ্রামের মুদি দোকানদার মিজানুর রহমানের ছেলে। তিনি স্থানীয় সমাজসেবা কার্যালয়ের প্রতিবন্ধী ভাতাভোগী ছিলেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বাড়ির পেছনে কিছু চারাগাছ রোপণ করেছিলেন মারুফের বাবা। বৃহস্পতিবার সকালে সবার অগোচরে একটি বদনা নিয়ে ডোবা থেকে পানি তুলে চারাগাছে দেওয়ার জন্য যায় মারুফ। পানি নিয়ে ফেরার সময় অসাবধানতাবশত পা পিছলে ডোবায় পড়ে যায় সে।
দীর্ঘক্ষণ তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে সকাল আনুমানিক ৯টার দিকে ডোবার পানিতে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে তিনি মারুফকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বাবা মিজানুর রহমান ঘোড়াঘাট থানায় একটি অপমৃত্যু (ইউডি) সংক্রান্ত লিখিত আবেদন করেছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি একটি দুর্ঘটনা এবং এ ঘটনায় কারও বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ নেই।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ডোবার পানিতে ডুবে এক বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের বিষয়ে অবগত হয়েছে। পরিবারের পক্ষ থেকে অপমৃত্যুর আবেদন করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, চারাগাছে পানি দিতে গিয়ে অসাবধানতাবশত ডোবায় পড়ে এ দুর্ঘটনা ঘটে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.