ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় একটি বিপন্ন প্রজাতির তক্ষকসহ বন্যপ্রাণী পাচারচক্রের কথিত মূল হোতা সুমন আকনকে (৪৫) আটক করেছে পুলিশ। পরে উদ্ধার করা তক্ষকটি বন বিভাগের সহায়তায় প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দক্ষিণ ভাণ্ডারিয়ার মুসলিমপাড়া এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সুমন আকন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মুসলিমপাড়া এলাকার বারেক আকনের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভাণ্ডারিয়া থানা পুলিশের একটি দল সুমনের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার ঘর থেকে একটি তক্ষক উদ্ধার করা হয়। বিক্রির উদ্দেশ্যে বন্যপ্রাণীটি অবৈধভাবে নিজের হেফাজতে রাখার অভিযোগে তাকে আটক করা হয়। অভিযানে উপ-পরিদর্শক (এসআই) শাহীন হোসেন, কামরুজ্জামান ও রফিক অংশ নেন।
উদ্ধারের পর স্থানীয় বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে তক্ষকটি প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়।
ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী আটক সুমনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশের তথ্যমতে, এর আগেও ২০২৩ সালের ২৫ জুন রাতে সুমন আকনসহ আরও চারজনকে তক্ষকসহ আটক করা হয়েছিল। পরে তিনি জামিনে মুক্তি পান। বর্তমান ঘটনাতেও তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.