ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন করেছে জেলা জামায়াতে ইসলামী। শনিবার সকালে হাসপাতালের সামনে সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে জেলা জামায়াত ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান, সেক্রেটারি ফরিদুল হক, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হাইসহ সংগঠনের অন্যান্য নেতারা।
বক্তারা বলেন, হাসপাতালটির নির্মাণকাজ দীর্ঘদিন আগে শেষ হলেও এখনো চালু না হওয়ায় জেলার মানুষ কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তাদের অভিযোগ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই হাসপাতালটি চালু হচ্ছে না। দেশের অন্যান্য জেলায় একই ধরনের ২৫০ শয্যা হাসপাতাল চালু হলেও ঝালকাঠির হাসপাতালটি এখনও কার্যক্রম শুরু করতে না পারায় তারা ক্ষোভ প্রকাশ করেন।
মানববন্ধন থেকে অবিলম্বে হাসপাতালটি চালু করে জেলার মানুষের জন্য পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি জানানো হয়।
উল্লেখ্য, ঝালকাঠি ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের ভিত্তিপ্রস্তর ২০১৮ সালে স্থাপন করা হয়। ২০২৩ সালে তৎকালীন সংসদ সদস্য হাসপাতাল ভবনটির উদ্বোধন করলেও প্রায় তিন বছর পেরিয়ে গেলেও হাসপাতালটি চালু হয়নি। ফলে জেলার কয়েক লাখ মানুষ উন্নত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে স্থানীয়রা অভিযোগ করছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.