দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদীর একটি বালুঘাটের দখলকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় প্রতিপক্ষের হামলায় আরিফুল ইসলাম (৩২) নামে এক বিএনপি কর্মী আহত হয়েছেন। অভিযোগ রয়েছে, হামলাকারীরা তাকে হাতুড়ি দিয়ে মারধর করার পাশাপাশি শর্টগান থেকে গুলিও ছোড়ে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শুক্রবার (৩ জুলাই) দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার লালন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গড়াই নদীর এলঙ্গী আচার্য বালুঘাটের দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিএনপির দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনসার প্রামাণিকের অনুসারী হিসেবে পরিচিত সুজন ও রিশানের নেতৃত্বে ৪ থেকে ৬টি মোটরসাইকেলে করে ১০ থেকে ১২ জন সশস্ত্র ব্যক্তি ঘটনাস্থলে আসে। তারা বিএনপি নেতা শেখ সাদীর সমর্থক আরিফুল ইসলামকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে বলে অভিযোগ রয়েছে।
এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা কয়েক রাউন্ড শর্টগানের গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে তারা আরিফুল ইসলামের গ্রামের বাড়িতেও হামলা চালায় বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
আহত আরিফুল ইসলামকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে, ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফুটেজে কয়েকজনকে আগ্নেয়াস্ত্র হাতে দেখা গেছে বলে জানা গেছে।
তবে এ ঘটনায় বিএনপির দুই পক্ষের কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, "ঘটনার একটি সিসিটিভি ফুটেজ আমাদের হাতে এসেছে। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। আহত আরিফুল ইসলামের পক্ষ থেকে মামলা করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.