ফরিদপুর প্রতিনিধি
দুর্নীতি, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু। তিনি বলেন, দেশ গড়ার লক্ষ্যে প্রতিটি ঘর, গ্রাম, ওয়ার্ড ও ইউনিয়ন থেকে দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি করতে হবে এবং এ জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শনিবার (৪ জুলাই) বিকেলে ফরিদপুর শহরের থানা রোডে নাগরিক কমিটির আয়োজনে তাকে দেওয়া গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।
শামা ওবায়েদ বলেন, “যেকোনো মূল্যে দুর্নীতি ও চাঁদাবাজি পরিহার করে একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী দেশ গড়ার কাজে সবাইকে নিয়োজিত হওয়ার আহ্বান জানিয়েছেন। আমাদের সামান্য ভুলের কারণে বিগত ১৭ বছরের দীর্ঘ আন্দোলন ও ত্যাগকে বৃথা যেতে দেওয়া যাবে না। আমি আপনাদের সন্তান ও বোন হিসেবে অতীতের মতো ভবিষ্যতেও পাশে থাকব।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির, ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. ইলিয়াস আলী, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলসহ বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতারা।
এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফরিদপুর শিশু একাডেমিতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
সেখানে তিনি বলেন, “জাতীয় কবি কাজী নজরুল ইসলামের হৃদয়জুড়ে ছিল বাংলাদেশ। অন্যায় ও অবিচারের বিরুদ্ধে তার প্রতিবাদী চেতনা প্রতিটি লেখায় ফুটে উঠেছে। জাতীয় কবি নজরুল ইসলাম ও পল্লীকবি জসীমউদ্দীন আমাদের সমাজের আলোকবর্তিকা। নতুন প্রজন্মের মধ্যে নজরুলের সাহিত্য ও দর্শনের চর্চা আরও বিস্তৃত করতে হবে।”
ফরিদপুরের জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে পুলিশ সুপার মো. নজরুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.