কালিয়া (নড়াইল) প্রতিনিধি
“নবগঙ্গা নদী ভাঙন রুখতে হবে, ইসলামপুরের জনপদ বাঁচাতে হবে”—এই স্লোগানে নড়াইলের নড়াগাতী থানার মাউলী ইউনিয়নের ইসলামপুর গ্রামে নদীভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় ইসলামপুর গ্রামের নবগঙ্গা নদীর তীরে আয়োজিত মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ অংশ নেন। বসতভিটা, ফসলি জমি ও শিক্ষা-প্রতিষ্ঠান রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নবগঙ্গা নদীর ভয়াবহ ভাঙনের কারণে ইসলামপুর এলাকার শতাধিক বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। অনেক পরিবার ভূমিহীন হয়ে মানবেতর জীবনযাপন করছে। বর্তমানে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্যের বাড়িসহ প্রায় ৮০ থেকে ৯০টি বসতবাড়ি এবং বিস্তীর্ণ কৃষিজমি নদীভাঙনের ঝুঁকিতে রয়েছে।
বক্তারা নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমের দৃষ্টি আকর্ষণ করে বলেন, দীর্ঘদিনেও সরকারি উদ্যোগে কার্যকর নদীশাসন প্রকল্প বাস্তবায়ন হয়নি। দ্রুত প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে স্থায়ী নদীভাঙন প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করা না হলে অবশিষ্ট বসতবাড়ি, কৃষিজমি ও গুরুত্বপূর্ণ স্থাপনাও নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।
তারা অবিলম্বে প্রয়োজনীয় বরাদ্দ দিয়ে স্থায়ী নদীশাসন প্রকল্প বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আতিক কাজী, খাজা ফকির, আতিয়ার মোল্যা, ময়না বেগম, রোজিনা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.