মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় মাগুরা মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ৪৩ শিক্ষার্থীর দিনব্যাপী একাডেমিক গবেষণা ও মাঠপর্যায়ের পরিদর্শন কার্যক্রম সম্পন্ন হয়েছে।
রোববার (৫ জুলাই) শিক্ষার্থীরা তাদের একাডেমিক গবেষণার অংশ হিসেবে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং উপজেলার বিভিন্ন গ্রাম ও ঐতিহাসিক-দর্শনীয় স্থান পরিদর্শন করেন।
মাগুরা মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. আব্দুল্লাহেল কাফীর নির্দেশনা ও তত্ত্বাবধানে এ গবেষণা কার্যক্রম পরিচালিত হয়।
গবেষণার অংশ হিসেবে শিক্ষার্থীরা উপজেলার বিভিন্ন গ্রামে গিয়ে সাধারণ মানুষের স্বাস্থ্য সচেতনতা বিষয়ে কাজ করেন। এবারের গবেষণার মূল বিষয় ছিল—বয়স্ক নারীদের মেনোপজ (রজঃনিবৃত্তি) পরবর্তী শারীরিক ও মানসিক পরিবর্তন এবং এ-সংক্রান্ত বিভিন্ন স্বাস্থ্যগত জটিলতা। এ সময় শিক্ষার্থীরা তথ্য সংগ্রহের পাশাপাশি নারীদের প্রয়োজনীয় স্বাস্থ্যপরামর্শও দেন।
মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী মো. আবু আহসানের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ কার্যক্রমে উপস্থিত ছিলেন মাগুরা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. কামরুল ইসলাম, সিভিল সার্জন ডা. শামীম কবির, প্রফেসর ডা. আব্দুল হাই, প্রফেসর ডা. শাহাজাদ সেলিম, সহকারী অধ্যাপক ডা. আরিফুজ্জামান, প্রভাষক ডা. রাজিয়া সুলতানা মাহমুদ এবং প্রফেসর ডা. যুথী সরকার।
কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. আব্দুল্লাহেল কাফী বলেন, “ডাক্তারের ব্যবহারে সাধারণ মানুষ যদি অনুপ্রাণিত না হয়, তাহলে তিনি একজন সফল চিকিৎসক হতে পারেন না। মানুষের মধ্যে মানবিকতা ও সংস্কৃতিবোধ থাকা জরুরি। শিক্ষার্থীদের মানবিক গুণাবলীর বিকাশ, বাস্তব অভিজ্ঞতা অর্জন এবং আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করতেই এ ধরনের মাঠপর্যায়ের গবেষণা কার্যক্রমের আয়োজন করা হয়েছে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.