যশোর প্রতিনিধি
যশোরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সোহেল (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। চলতি বছরে জেলায় ডেঙ্গুতে এটিই প্রথম মৃত্যুর ঘটনা। রোববার (৫ জুলাই) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত সোহেল যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া মডেল কলেজ এলাকার সৌদি প্রবাসী জুয়েল হোসেনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১০ থেকে ১২ দিন ধরে সোহেল তীব্র জ্বর ও ডেঙ্গুর উপসর্গে ভুগছিলেন। অবস্থার অবনতি হলে গত শুক্রবার (৩ জুলাই) দুপুরে তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়।
তবে স্বজনরা তাকে ঢাকায় না নিয়ে খুলনার গাজী মেডিকেলে ভর্তি করেন। পরে সেখান থেকে রোববার সন্ধ্যায় ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত যুবক ডেঙ্গুর উপসর্গ নিয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলেন। বর্তমানে আবহাওয়া ও পরিবেশগত কারণে ডেঙ্গুর ঝুঁকি বাড়ছে। তাই ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, এডিস মশার বংশবিস্তার রোধে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিমুর রাজিব জানান, সোহেল ঢাকা থেকে জ্বর নিয়ে বাড়ি ফেরার পর প্রথমে স্থানীয় একটি ব্যক্তিগত চিকিৎসকের কাছে চিকিৎসা নিচ্ছিলেন। পরে ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেওয়া হলেও তাৎক্ষণিকভাবে ভর্তি করা হয়নি। শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার আরও অবনতি হওয়ায় ঢাকায় রেফার করা হলেও স্বজনরা খুলনায় নিয়ে যান।
এদিকে যশোর সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন।
অভয়নগর উপজেলা থেকে সময়মতো প্রতিবেদন না পাওয়ায় সিভিল সার্জন কার্যালয়ের নিয়মিত ২৪ ঘণ্টার প্রতিবেদনে এখনো মৃত্যুর তথ্যটি অন্তর্ভুক্ত হয়নি।
সরকারি হিসাব অনুযায়ী, বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ১৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ জন এবং বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন ভর্তি আছেন। যশোর জেনারেল হাসপাতালসহ জেলার অন্যান্য উপজেলা হাসপাতালে বর্তমানে কোনো ডেঙ্গু রোগী ভর্তি নেই।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত যশোর জেলায় মোট ১৬২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ১৪৪ জন সুস্থ হয়েছেন এবং একজনকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে রেফার করা হয়েছে। সোহেলের মৃত্যুর মধ্য দিয়ে জেলায় চলতি বছরে ডেঙ্গুতে প্রথম মৃত্যুর ঘটনা ঘটল।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.