দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় নিজ ঘর থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় রতন (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ জুলাই) সকালে উপজেলার কয়া ইউনিয়নের পশ্চিম গট্রিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রতন একই গ্রামের হোসেন মিস্ত্রির ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রির সহকারী ছিলেন। তার দুই মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার গভীর রাতে ফুটবল খেলা দেখে নিজ ঘরে ঘুমাতে যান রতন। সোমবার সকালে দীর্ঘ সময় পার হলেও তিনি ঘুম থেকে না ওঠায় পরিবারের সদস্যরা জানালার ফাঁক দিয়ে তাকে ঘরের ভেতরে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। পরে দরজা ভেঙে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে।
নিহতের বাবা হোসেন মিস্ত্রি জানান, তার ছেলে ব্রাজিল ফুটবল দলের সমর্থক ছিলেন। খেলার ফলাফলের পর তার মন খারাপ ছিল। তবে আত্মহত্যার সুনির্দিষ্ট কোনো কারণ তিনি বলতে পারেননি।
স্বজনরা জানান, প্রায় এক বছর আগে রতনের বিয়ে হয়। তাদের দুই মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। সন্তান জন্মের পর থেকে তার স্ত্রী পাশের শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। ঘটনার সময় রতন ঘরে একাই ছিলেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, "আত্মহত্যা একটি জটিল মানসিক ও সামাজিক বিষয়। শুধু কোনো একটি ফুটবল দলের হারকে এই মৃত্যুর নিশ্চিত কারণ হিসেবে বলা যাবে না।" তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই দাফনের আবেদন করা হয়। মৃত্যুর বিষয়ে কারও আপত্তি না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.