সামসুল হক জুয়েল, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি বলেছেন, চব্বিশের গণঅভ্যুত্থানের পর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে জনগণ ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে জুলাই সনদকে স্বীকৃতি দিয়েছে। কিন্তু সরকার গঠন করে বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন না করে জনগণের সঙ্গে প্রতারণা ও জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।
সোমবার (৬ জুলাই) বিকেলে গাজীপুরের কালীগঞ্জ বাজার বাসস্ট্যান্ডে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গাজীপুর জেলা জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
গাজীপুর জেলা এনসিপির আহ্বায়ক এম এম শোয়াইবের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম ইমনের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভার মাধ্যমে এনসিপি দেশব্যাপী ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় মাসব্যাপী পদযাত্রা কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করে।
নাহিদ ইসলাম বলেন, অনতিবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। অন্যথায় জনগণ অতীতে যেমন একটি সরকারকে ক্ষমতা থেকে সরিয়েছে, তেমনি বর্তমান সরকারের বিরুদ্ধেও গণআন্দোলন গড়ে তুলবে।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে কার কী ভূমিকা ছিল তা দেশের মানুষ জানে। গণঅভ্যুত্থানের পর বিভিন্ন স্থান থেকে এসে কেউ কেউ নেতৃত্বের দাবি করছেন। যদি জুলাই সনদ বাস্তবায়ন করতে না পারেন, তাহলে সেই নেতৃত্বের দাবিও ছেড়ে দেওয়া উচিত।
পথসভায় তিনি জাতীয়তাবাদের নামে ব্যবসা বন্ধ, সীমান্ত হত্যা বন্ধ, বিদ্যুতের ঘাটতি নিরসন, কর্মসংস্থান সৃষ্টি, রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়ন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবি জানান। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের হত্যার বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট আলী নাছের খান, ঢাকা বিভাগীয় আহ্বায়ক সাইফুল্লাহ হায়দার, গাজীপুর জেলা এনসিপির সদস্য সচিব খন্দকার আল আমিন, যুগ্ম সদস্য সচিব ওয়াদুদ খন্দকার, জেলা ছাত্রশক্তির সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহিনসহ কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও পৌরসভার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.