কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক র্যাংকিং উন্নয়ন এবং একাডেমিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, এশিয়ায় ইরাসমাস প্লাস ন্যাশনাল ফোকাল পয়েন্টস (ইএনএফপিএস) নেটওয়ার্কের কেন্দ্রীয় সহায়তা কার্যক্রমের আঞ্চলিক ব্যবস্থাপক ড. আশিকুর রহমান, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. সৈয়দুর রহমান, গবেষণা ও সম্প্রসারণ সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন, বিভিন্ন অনুষদের নবনিযুক্ত ডিন এবং আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মশিউর রহমান।
প্রধান আলোচক হিসেবে ড. আশিকুর রহমান বলেন, আন্তর্জাতিক র্যাংকিং কোনো বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত লক্ষ্য নয়; বরং এটি প্রতিষ্ঠানের সামগ্রিক কার্যক্রমের প্রতিফলন। তিনি বলেন, মানসম্মত কর্মপরিবেশ, গবেষণাবান্ধব পরিবেশ, শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা এবং কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়নের ধারাবাহিক উদ্যোগ একটি বিশ্ববিদ্যালয়কে স্বাভাবিকভাবেই এগিয়ে নেয়।
তিনি আরও বলেন, কিউএস, টাইমস হায়ার এডুকেশন (টিএইচই), সাংহাই র্যাংকিং এবং সিমাগোসহ আন্তর্জাতিক র্যাংকিংয়ের বিভিন্ন মূল্যায়ন সূচক বিবেচনায় নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে পরিকল্পিতভাবে কাজ শুরু করতে হবে।
আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মশিউর রহমান বলেন, ড. আশিকুর রহমানের দীর্ঘদিনের আন্তর্জাতিক অভিজ্ঞতা বিশ্ববিদ্যালয়ের জন্য বাস্তবসম্মত কর্মপরিকল্পনা নির্ধারণে সহায়ক হবে। প্রায় তিন ঘণ্টাব্যাপী আলোচনায় গবেষণার পরিবেশ উন্নয়ন, শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণায় সম্পৃক্ততা, আন্তর্জাতিক সহযোগিতা, যৌথ গবেষণা প্রকাশনা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়।
তিনি জানান, আলোচনার ভিত্তিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক র্যাংকিংয়ে অগ্রগতি নিশ্চিত করতে এক বছর মেয়াদি একটি রোডম্যাপ প্রণয়নের বিষয়ে প্রাথমিক মতৈক্য হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বাস্তবতা, সীমাবদ্ধতা ও সম্ভাবনা বিবেচনায় নিয়ে পরিকল্পিত ও ধারাবাহিক উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে কুবির অবস্থান আরও শক্তিশালী হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.