মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের মধুখালীতে মধুখালী-ভাটিয়াপাড়া রেলপথের দুই পাশে খেজুরের বীজ বপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ১টায় মধুখালী রেলগেটসংলগ্ন বীর মুক্তিযোদ্ধা শহীদ ওহিদ চত্বরে শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থা ও মাগুরা জেলা জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির যৌথ উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি শেখ মো. আব্দুল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহবুব এলাহী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা, মধুখালী রেলস্টেশন মাস্টার মো. কাওছার মাহমুদ, ফরিদপুর চিনিকলের সাবেক কৃষি কর্মকর্তা মো. নজরুল ইসলাম এবং মাগুরা জেলা জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মো. সাইফুল্লাহ। এ সময় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং বন্যপ্রাণী ও পাখির জন্য প্রাকৃতিক খাদ্যের উৎস সৃষ্টি করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। এ উদ্দেশ্যে পর্যায়ক্রমে মধুখালী থেকে ভাটিয়াপাড়া পর্যন্ত রেললাইনের উভয় পাশে খেজুরের বীজ বপন করা হবে। ভবিষ্যতে এসব গাছে ফল ধরলে বন্যপ্রাণী ও পাখির খাদ্যের জোগান বাড়বে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান বলেন, “ফরিদপুর যেমন আখের গুড়ের জন্য সুপরিচিত, তেমনি ভবিষ্যতে খেজুরের রস ও খেজুরের গুড় উৎপাদনেও এ অঞ্চল সুনাম অর্জন করবে বলে আমি আশাবাদী।” তিনি পরিবেশ রক্ষায় সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে অতিথিরা প্রতীকীভাবে খেজুরের বীজ বপনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান করেন সিনিয়র সাংবাদিক শাহজাহান হেলাল।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.