
স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলায় পৈতৃক সম্পত্তির দখল ও মালিকানা নিয়ে দুই ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন সেলিনা বেগম নামে এক নারী। মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে লোহাগড়া বাজারের মজুমদার কমপ্লেক্সের দ্বিতীয় তলার হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে লোহাগড়া শহরের কলেজপাড়ার বাসিন্দা ও মৃত চাঁদ খানের মেয়ে সেলিনা বেগম বলেন, লোহাগড়া মৌজার ৬৯ নম্বর দাগে ২৬ শতাংশ জমির মধ্যে ৮ দশমিক ৬৮ শতাংশ জমি তার নামে রেকর্ডভুক্ত রয়েছে এবং এ-সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র তার কাছে আছে।
তিনি জানান, চিকিৎসার ব্যয় নির্বাহের জন্য চলতি বছরের ২৩ মে ওই জমি লিয়াকত হোসেন লিপুসহ তিনজনের কাছে বায়না রেজিস্ট্রির মাধ্যমে বিক্রি করেন। পরে ক্রেতারা জমির দখল বুঝে নিতে গেলে তার দুই ভাই জাহিদুর রহমান খান ও ওহিদুজ্জামান খান স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে জমির দখল বুঝিয়ে দেন।
সেলিনা বেগমের অভিযোগ, পরবর্তীতে তার ভাই জাহিদুর রহমান খান বেআইনিভাবে তার এবং জমির ক্রেতাদের বিরুদ্ধে লোহাগড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। তিনি দাবি করেন, তাকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করার উদ্দেশ্যে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তার মালিকানাধীন সম্পত্তির দখল নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত সহায়তা দেওয়া হোক।
এ সময় জমির ক্রেতা লিয়াকত হোসেন লিপু, সোহেল মিনা এবং সেলিনা বেগমের জামাতা জুবায়ের হোসেন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.