বিশেষ প্রতিনিধি, ঝিনাইদহ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় একটি কুকুরের কামড়ে ছয়জন আহত হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে উপজেলার পাইকপাড়া গ্রাম ও কালীগঞ্জ পৌর শহরের পুরাতন হাটচাঁদনী এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে একটি কালো রঙের কুকুর নলপাঙ্গা সড়ক দিয়ে পাইকপাড়া গ্রামে প্রবেশ করে। সেখানে একে একে পাঁচজনকে কামড়ে আহত করে। পরে কুকুরটি কালীগঞ্জ শহরের পুরাতন হাটচাঁদনী এলাকায় গিয়ে আসুম কাজি নামে এক ব্যবসায়ীর ওপর হামলা চালায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আহত ভ্যানচালক ইসমাইল হোসেন বলেন, “আমি ভ্যান নিয়ে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ একটি কুকুর এসে আমাকে কামড়ে দেয়। একই সময় গ্রামের আরও কয়েকজনও কুকুরটির আক্রমণের শিকার হন।”
আহত ব্যবসায়ী আসুম কাজি বলেন, “আমি ব্যবসার মালামাল কিনতে কালীগঞ্জ শহরে এসেছিলাম। হঠাৎ একটি কুকুর আমার ওপর ঝাঁপিয়ে পড়ে। এতে আমার হাতের একটি আঙুল আংশিক ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া আমার পরিহিত জামা ও প্যান্টও ছিঁড়ে যায়।”
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শিশির কুমার ছানা জানান, কুকুরের কামড়ে আহত ছয়জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের ক্ষতস্থান পরিষ্কার করে প্রয়োজনীয় টিকা দেওয়া হয়েছে এবং পরবর্তী ডোজ নেওয়ার সময়সূচি উল্লেখ করে চিকিৎসাপত্র প্রদান করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.